হোম > অর্থনীতি

ভিসার ‘বন্ডের’ টাকা পাঠানো যাবে ব্যাংক থেকেই

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বিদেশে যেতে ভিসা পেয়েছেন, কিন্তু শর্ত হিসেবে জমা দিতে হবে মোটা অঙ্কের ‘ভিসা বন্ড’ বা সিকিউরিটি ডিপোজিট। এত দিন এই অর্থ বিদেশে পাঠানো ছিল বাংলাদেশি আবেদনকারীদের জন্য জটিল ও ভোগান্তিপূর্ণ একটি প্রক্রিয়া। অনেককে অনানুষ্ঠানিক উপায়ে টাকা পাঠানোর ঝুঁকিও নিতে হতো। এবার সেই জটিলতা কমাতে নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক।

এখন থেকে নির্দিষ্ট শর্ত মেনে বিদেশি ভিসার জন্য প্রয়োজনীয় ভিসা বন্ড বা ফেরতযোগ্য নিরাপত্তা জামানতের অর্থ সরাসরি ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠানো যাবে। আজ সোমবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিদেশে ভিসা আবেদনপ্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের ভোগান্তি কমাতে এবং পুরো ব্যবস্থাকে আরও সহজ ও স্বচ্ছ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো দেশ ভিসা দেওয়ার শর্ত হিসেবে আবেদনকারীর কাছে আর্থিক গ্যারান্টি বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট চাইলে ব্যাংকগুলো এখন সেই অর্থ বিদেশে পাঠাতে পারবে। এ জন্য আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করা যাবে, যেখানে প্রয়োজনীয় অর্থ আগে থেকেই লোড করা থাকবে।

যাঁদের আগে থেকেই আন্তর্জাতিক কার্ড রয়েছে, তাঁরাও ভ্রমণ কোটার আওতায় সেই কার্ডে পুনরায় অর্থ লোড করে ভিসা বন্ড পরিশোধ করতে পারবেন। তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে, এই অর্থ শুধু ভিসা বন্ড বা সংশ্লিষ্ট সিকিউরিটি ডিপোজিট পরিশোধের কাজেই ব্যবহার করা যাবে। এ ছাড়া এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাব, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাব কিংবা এসব হিসাবের বিপরীতে ইস্যু করা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমেও এই সুবিধা নেওয়া যাবে।

ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলছেন, নতুন এই নীতির ফলে বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও কিছু উন্নত দেশে ভিসা আবেদনপ্রক্রিয়ায় বাংলাদেশিদের জন্য বড় ধরনের স্বস্তি তৈরি হবে। কারণ, অনেক দেশই ভিসার শর্ত হিসেবে আবেদনকারীর আর্থিক সক্ষমতা ও ফেরত যাওয়ার নিশ্চয়তা নিশ্চিত করতে সিকিউরিটি ডিপোজিট বা বন্ড চেয়ে থাকে।

১৮-এর বেশি বয়সী সবাইকে সর্বজনীন পেনশনে আনার পরিকল্পনায় সরকার

এআই নজরদারিতে আসছে নিত্যপণ্যের বাজার: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অফিশিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হলো গ্লো অ্যান্ড লাভলী

তেলের দাম ব্যারেলপ্রতি বাড়ল আরও ৪ ডলার

চীনের পোশাক রপ্তানি কমায় যুক্তরাষ্ট্রে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

চার শর্ত পূরণ ছাড়া মিলবে না প্রকল্প অনুমোদন

ইরান যুদ্ধের মধ্যেও ৩ মাসে সৌদি আরামকোর মুনাফা ৩৩.৬ বিলিয়ন ডলার

পণ্যমূল্যে স্বস্তি দিতে টিসিবির ১০ দিনের কর্মসূচি শুরু আজ

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির রজতজয়ন্তী পূর্তি উদযাপন