হোম > অর্থনীতি

এআই নজরদারিতে আসছে নিত্যপণ্যের বাজার: বাণিজ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা

রাজধানীর আগারগাঁওয়ে আজ টিসিবির ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: আজকের পত্রিকা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট, কৃত্রিম সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে প্রযুক্তিনির্ভর নতুন ব্যবস্থায় যাচ্ছে সরকার। আমদানি থেকে খুচরা বিক্রি পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ডিজিটাল নজরদারির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সরকার বলছে, বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে নির্বাচিত কিছু নিত্যপণ্যের জন্য গড়ে তোলা হবে রাষ্ট্রীয় কৌশলগত মজুত (স্ট্র্যাটেজিক রিজার্ভ)।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, নিত্যপণ্যের আমদানি মূলধননির্ভর হওয়ায় বাজারে সীমিতসংখ্যক বড় ব্যবসায়ীর প্রভাব তৈরি হয়। তবে সরকার এমন একটি অংশীদারত্বমূলক ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে আরও বেশি উদ্যোক্তার অংশগ্রহণ নিশ্চিত হবে এবং বাজারে প্রতিযোগিতা বাড়বে।

মন্ত্রী জানান, দেশের যে কোনো বিশেষ পরিস্থিতি বা বাজারে অস্বাভাবিক চাপ তৈরি হলে সরকার প্রয়োজন অনুযায়ী টিসিবির ট্রাকসেল কার্যক্রম চালু করবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার সব সময় প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

টিসিবির কার্যক্রমেও বড় ধরনের সংস্কারের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কাঠামোয় রূপান্তর করা হচ্ছে। ডিলার নিয়োগে নতুন নীতিমালাও প্রণয়ন করা হচ্ছে।

উপকারভোগীর তালিকা নিয়েও নতুন তথ্য দেন মন্ত্রী। তিনি বলেন, পূর্বের এক কোটি উপকারভোগীর মধ্যে প্রায় ৫৯ লাখের তথ্য প্রশ্নবিদ্ধ ছিল। যাচাই-বাছাইয়ের মাধ্যমে বর্তমানে ৮০ লাখ প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ২০ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে।

সরকারি হিসেবে, গত রমজানে প্রায় ২ কোটি ২৮ লাখ মানুষের কাছে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য পৌঁছে দেওয়া হয়েছিল। এবার সেই সংখ্যা বাড়িয়ে প্রায় ২ কোটি ৮৮ লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া গত বছরের ঈদুল আজহায় যেখানে প্রায় ১০ হাজার ৯০০ টন খাদ্যপণ্য সরবরাহ করা হয়েছিল, এবার তা বাড়িয়ে প্রায় ১৪ হাজার টনে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান ও টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অফিশিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হলো গ্লো অ্যান্ড লাভলী

তেলের দাম ব্যারেলপ্রতি বাড়ল আরও ৪ ডলার

চীনের পোশাক রপ্তানি কমায় যুক্তরাষ্ট্রে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

চার শর্ত পূরণ ছাড়া মিলবে না প্রকল্প অনুমোদন

ইরান যুদ্ধের মধ্যেও ৩ মাসে সৌদি আরামকোর মুনাফা ৩৩.৬ বিলিয়ন ডলার

পণ্যমূল্যে স্বস্তি দিতে টিসিবির ১০ দিনের কর্মসূচি শুরু আজ

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির রজতজয়ন্তী পূর্তি উদযাপন

শেষ হলো উত্তরা ব্যাংকের প্রবেশনারি অফিসারদের ‘বুনিয়াদি প্রশিক্ষণ’

মূল্যস্ফীতির নতুন বাস্তবতায় বিশ্ব