হোম > অর্থনীতি

বছরের ব্যয় ফুরাচ্ছে মাসে

জ্বালানি আমদানির ব্যয় যেভাবে বাড়ছে, তাতে ভর্তুকি ব্যয় বাজেট বরাদ্দের তুলনায় বাড়বে—এটি প্রত্যাশিতই ছিল।

ড. জাহিদ হোসেন, সাবেক প্রধান অর্থনীতিবিদ, বিশ্বব্যাংকের ঢাকা অফিস

শাহ আলম খান, ঢাকা

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (এলএনজি) এক বছরের জন্য রাখা ভর্তুকির বরাদ্দ এখন এক মাসের ব্যয় মেটাতেও যথেষ্ট হচ্ছে না। আমদানির বাড়তি দামের চাপে ভর্তুকির চাহিদা বাড়ায় প্রতি মাসেই বরাদ্দের বাইরে অর্থছাড় করতে হচ্ছে। খাতটির বাজেট পরিকল্পনাও নতুন করে সাজাতে হচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে জ্বালানি খাতে ভর্তুকির জন্য বরাদ্দ রয়েছে ৬ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে এলএনজি আমদানির বিপরীতে রাখা হয়েছে ৬ হাজার কোটি টাকা। কিন্তু পাঁচ মাসের কম সময়ে ছাড় হয়েছে ২২ হাজার ৩০০ কোটি টাকা, যা পুরো বছরের গ্যাস খাতের বরাদ্দের পৌনে চার গুণের বেশি। অর্থাৎ মূল বরাদ্দের বাইরে অতিরিক্ত ১৬ হাজার ৩০০ কোটি টাকার বেশি ছাড় করতে হয়েছে। চাপ আরও বাড়ছে।

জ্বালানি বিভাগের হিসাব অনুযায়ী, নভেম্বরের ১০ ও ১৮ তারিখে দুই দফায় ৩ হাজার কোটি টাকা করে ছাড় করা হয়েছে। জুলাই-আগস্টে এ খাতে ছাড় হয়েছিল ৭ হাজার ৩০০ কোটি টাকা। ২১ সেপ্টেম্বর আরও ৩ হাজার কোটি টাকা দেওয়ার পর প্রথম তিন মাসে অর্থছাড় দাঁড়ায় ১০ হাজার ৩০০ কোটি টাকা। ১৫ অক্টোবর পর্যন্ত তা বেড়ে হয় ১৬ হাজার ৩০০ কোটি টাকা। নভেম্বরের তৃতীয় সপ্তাহে আরও ৬ হাজার কোটি টাকা ছাড় হওয়ায় মোট অঙ্ক দাঁড়িয়েছে ২২ হাজার ৩০০ কোটি টাকা।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা বলছেন, দেশীয় গ্যাসক্ষেত্রের উৎপাদন কমে যাওয়ায় আমদানির ওপর নির্ভরতা বাড়ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অনিশ্চয়তা এবং কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির গ্যাস সরবরাহে বিঘ্নের কারণে বিকল্প উৎস থেকে এলএনজি কিনতে হচ্ছে। যুদ্ধের আগে প্রতি এমএমবিটিইউ গ্যাসের দাম ছিল ৯ থেকে ১২ ডলার। তা বেড়ে প্রায় ৩০ ডলারে ওঠে। আগস্টে এলএনজি কার্গোর দাম ছিল ২১ থেকে ২৪ ডলারের বেশি। সেপ্টেম্বরে দুটি কার্গো কিনতে হয়েছে প্রায় ২৯ ও ৩০ ডলার দরে।

আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশে গ্যাসের বিক্রয়মূল্য সে অনুপাতে সমন্বয় হয়নি। দেশীয় ও আমদানি করা গ্যাস মিলিয়ে প্রতি ঘনমিটারের গড় সংগ্রহ ব্যয় প্রায় ৫২ টাকা। গ্রাহক মূল্য গড়ে ২৩ টাকা। ফলে প্রতি ঘনমিটারে প্রায় ২৯ টাকা ঘাটতি থাকছে, যা ভর্তুকি দিয়ে পূরণ করছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের বাজেট প্রণয়নে যুক্ত কর্মকর্তাদের ধারণা ছিল, ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে এবং জ্বালানি বাজার স্বাভাবিক হবে। তাই বরাদ্দ কম রাখা হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে জ্বালানি বিভাগের এক কর্মকর্তা জানান, ভর্তুকির চাপ কমাতে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা থাকলেও শ্রমিক আন্দোলন ও রাজনৈতিক পরিস্থিতির কারণে তা স্থগিত রয়েছে। তবে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে পুরো অর্থবছরে শুধু এলএনজি আমদানিতেই মূল বরাদ্দের বাইরে অতিরিক্ত প্রায় ৪১ হাজার কোটি টাকা লাগতে পারে। দেশীয় উৎপাদন না বাড়লে ব্যয় কমানো কঠিন। এতে এ খাতের মোট ব্যয় প্রাথমিক বরাদ্দের কয়েক গুণ হওয়ার আশঙ্কা রয়েছে।

বিভাগের এক কর্মকর্তা বলেন, ভর্তুকির চাপ সামলাতে উন্নয়ন বরাদ্দ কমানো অথবা অন্য খাতের অর্থ পুনর্বিন্যাস করতে হতে পারে। এতে চলমান প্রকল্পে অর্থছাড় এবং নতুন প্রকল্পের অগ্রাধিকারেও চাপ পড়বে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জ্বালানি আমদানির ব্যয় যেভাবে বাড়ছে, তাতে ভর্তুকি ব্যয় বাজেট বরাদ্দের তুলনায় বাড়বে—এটি প্রত্যাশিতই ছিল। কিন্তু অতিরিক্ত অর্থ বরাদ্দ কোনো স্থায়ী সমাধান হতে পারে না। আমদানির উৎস ও চুক্তির ধরন পর্যালোচনা, দেশীয় গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ এবং বিদ্যমান গ্যাসের অপচয় কমানো জরুরি। তা না হলে প্রতি মাসে ভর্তুকির নতুন চাহিদা তৈরি হবে এবং সরকারের উন্নয়ন ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ের অর্থের ওপরও টান পড়বে।’