মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি না করার আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেছেন, নতুন মজুরি যখনই ঘোষণা করা হোক, তা ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ২৩ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ড কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সৈয়দ আজাদ সুবহানী বলেন, মজুরি চূড়ান্ত করার আগে আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা জরুরি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে।
গতকাল সোমবার (১৬ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বোর্ডের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ নভেম্বর সভাটি অনুষ্ঠিত হবে।
সভা স্থগিত হওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে কোনো ধরনের সন্দেহ বা অবিশ্বাস তৈরি না করার আহ্বান জানিয়ে চেয়ারম্যান বলেন, বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যেসব বিজ্ঞপ্তি বা বক্তব্য দেওয়া হবে, সেগুলোকেই সঠিক তথ্য হিসেবে বিবেচনা করতে হবে। অন্য কোনো মহলের বক্তব্যের দায় বোর্ড নেবে না।
সৈয়দ আজাদ সুবহানী আরও বলেন, মজুরি নির্ধারণের লক্ষ্যে বোর্ডের সদস্যরা ইতিমধ্যে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও সাভারের বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন করেছেন। ছোট, মাঝারি ও বড় সব ধরনের কারখানায় শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হয়েছে।
শ্রমিকদের প্রকৃত জীবনযাত্রার ব্যয় ও পারিবারিক পরিস্থিতি বোঝার জন্য আরও সরেজমিনে পরিদর্শনের পরিকল্পনা রয়েছে জানিয়ে সৈয়দ আজাদ সুবহানী বলেন, ২৩ নভেম্বরের আগে আশুলিয়া ও গাজীপুরের মতো শ্রমঘন এলাকায় শ্রমিকদের আবাসস্থল পরিদর্শন করা হতে পারে।
চেয়ারম্যান বলেন, ‘শ্রমিকদের বেতন কত, পরিবারের সদস্য কতজন, তাঁদের ওপর কতজন নির্ভরশীল ও কী পরিস্থিতিতে তাঁরা বসবাস করছেন—এসব তথ্য আমরা সংগ্রহ করছি। সরেজমিনে না গেলে অনেক বাস্তবতা জানা সম্ভব নয়।’
নতুন মজুরি ঘোষণার বিষয়ে বিভ্রান্তি দূর করে চেয়ারম্যান জানান, তিনি কখনোই ১ ডিসেম্বর নতুন মজুরি ঘোষণা করার কথা বলেননি। বরং নতুন মজুরি চূড়ান্ত হলে তা ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর করার লক্ষ্য রয়েছে। গেজেট প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে যে—বর্ধিত মজুরি ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে প্রাপ্য হবে। এ বিষয়ে কোনো সন্দেহ বা বিভ্রান্তি নেই।
মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রস্তাবের কথা উল্লেখ করে চেয়ারম্যান জানান, শ্রমিকপক্ষ ইতিমধ্যে কয়েকটি প্রস্তাব জমা দিয়েছে। কিছু গবেষণাভিত্তিক সংগঠনও বোর্ডকে তথ্য-উপাত্ত দিয়েছে। তবে মালিকপক্ষ এখনো তাদের প্রস্তাব জমা দেয়নি। ২৩ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আশা করছেন তিনি।
নভেম্বরের মধ্যেই নতুন মজুরি ঘোষণা সম্ভব কি না— এমন প্রশ্নের জবাবে সৈয়দ আজাদ সুবহানী বলেন, মজুরি চূড়ান্ত করার আগে দুই পক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা ও দর-কষাকষির প্রয়োজন রয়েছে। কোনো পক্ষের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা বাস্তবায়নযোগ্য না-ও হতে পারে।