ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, ভূল্লী, রুহিয়া ও রাণীশংকৈল উপজেলায় পৃথক ঘটনায় ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ঘটে যাওয়া এসব ঘটনায় চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুজন সাপের কামড়ে ও বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।
পুলিশ ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল (দোগাছি) গ্রাম থেকে তাশফিয়া আক্তার শেফার (১৬) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের ধারণা, কলেজে ভর্তি হওয়া নিয়ে গতকাল সোমবার রাতে মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে সে আত্মহত্যা করেছে। আজ সকালে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা থেকে আজ ভোরে মুন্না (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাবা দুলাল হোসেন পুলিশকে জানান, মুন্না ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি নেকমরদ কেন্দ্রীয় জামে মসজিদের পাশে বাবার চায়ের দোকানে রাতে থাকতেন। আজ ভোরে মা দোকানে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
গতকাল সোমবার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রাম থেকে সুমাইয়া আক্তার (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের ভাষ্য, দুপুরের পর বাড়িতে কেউ না থাকার সুযোগে সুমাইয়া শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একই দিন ভূল্লী উপজেলার জালালী গ্রাম থেকে ফারজানা ফেরদৌস রিমি (২৪) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি দিনাজপুর সরকারি কলেজ থেকে সম্প্রতি স্নাতক সম্পন্ন করেছিলেন। তাঁর বাবা ফজলুল করিমের ভাষ্য, দুপুরের পর তিনি ও তাঁর স্ত্রী বাড়ির বাইরে গেলে ফারজানাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাঁর কাছে প্রাইভেট পড়তে আসা এক ছাত্রী।
রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বটিনা গ্রামে গতকাল সোমবার রাতে সাপের কামড়ে নারায়ণ রায় (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের ভাষ্য, রাত ২টার দিকে তাঁর চিৎকার শুনে স্বজনেরা ছুটে গিয়ে সাপে কামড়ানোর বিষয়টি জানতে পারেন। প্রথমে তাঁকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
এ ছাড়া রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা বগুড়াপাড়া গ্রামে গতকাল রাতে বিদ্যুতায়িত হয়ে শফিক ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি বলিদ্বারা বাজারে চার্জার ভ্যানে করে ঝালমুড়ি বিক্রি করতেন। রাতে ভ্যানে চার্জ দেওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন। পরে স্বজনেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট থানা-পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।