ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফয়সল আমিন।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. নূর করিম চৌধুরী, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ দলের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মির্জা ফয়সল আমিন বলেন, ‘আমার প্রত্যাশা মূলত এই ঠাকুরগাঁওকে নিয়ে। আমার একটা স্বপ্ন আছে, আমাদের সকলেরই একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো আমরা পূরণ করতে চাই।’
তিনি বলেন, ‘আমরা দেখতে চাই ঠাকুরগাঁও একটা অসাধারণ সুন্দর, বসবাসযোগ্য জনপদ হিসেবে প্রস্ফুটিত হবে। এখানে মানুষ শান্তিতে বসবাস করবে, বেকারদের কর্মসংস্থান হবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ ও বৈষম্য থাকবে না। আমরা সেই স্বপ্ন দেখি। সেই স্বপ্ন পূরণের জন্য যে কাজগুলো করা দরকার, সেগুলোই আমরা করতে চাই।’
নির্বাচিত হলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা জানিয়ে ফয়সল আমিন বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পরেও উন্নয়ন শতভাগ অব্যাহত থাকবে। কারণ, যে সরকার এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় আছে, সেই সরকারি দলেরই একজন প্রার্থী হিসেবে আমি রাজনীতিতে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি, তাদের মনোনয়ন নিয়ে। তো সরকারের ধারাবাহিকতা কোনোভাবেই ব্যাহত হওয়ার কোনো কারণ নেই, যদি আমি নির্বাচিত হই।’
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ঘোষিত সময়সূচি অনুযায়ী আজকের নির্ধারিত সময় পর্যন্ত এই উপনির্বাচনে অংশ নিতে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।