ঠাকুরগাঁওয়ে নাশতা করার সময় গলায় ডিম আটকে হাবিবা খানম তিশা (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথে মুন্সিরহাট এলাকায় তাঁর মৃত্যু হয়।
মৃত হাবিবা খানম তিশা লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিশা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে তিনি খাবারও কম খেতেন।
তিশার ভাই আনোয়ার হোসেন বলেন, সকালে পরিবারের সঙ্গে নাশতা করার সময় তিশা ডিম খাচ্ছিল। এ সময় ডিমটি তাঁর গলায় আটকে যায়। এতে শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত অটোরিকশায় করে সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পথে মুন্সিরহাট এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।