হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ডলারের প্রলোভনে ডেকে ডিবি পরিচয়ে জিম্মি-নির্যাতন, ঠাকুরগাঁওয়ে নারীসহ গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি

আমেরিকান ডলার দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে জিম্মি ও নির্যাতনের অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: আজকের পত্রিকা

আমেরিকান ডলার দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ডিবি পুলিশ (ভুয়া) পরিচয়ে জিম্মি ও নির্যাতনের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে ১১টি আমেরিকান এক ডলারের নোট, একটি হাতকড়া ও ‘DB’ লেখা জ্যাকেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ থানার দেউলি পশ্চিমপাড়ার মৃত আসব আলীর ছেলে মো. নার্গিস মিয়া (৪৫), শাহাডুবি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. ওমর ফারুক (২০) এবং একই থানার মিলনপুর গ্রামের মো. মাসুদ রানার স্ত্রী মোছা. হালিমা খাতুন (৩৭)।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ১ নম্বর গড়েয়া ইউনিয়নের মিলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় আহত অবস্থায় এক ভুক্তভোগীকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত হোসেন আজ শুক্রবার রাত ৯টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ প্রতারক চক্রটি ডলারের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে নির্জন স্থানে ডেকে নিতেন। পরে ডিবি পুলিশ পরিচয়ে তাঁদের জিম্মি করে নির্যাতন ও প্রতারণা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, মিলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনের সামনে এক ব্যক্তিকে ডলার দেওয়ার কথা বলে ডেকে নিয়ে একটি চক্র ডিবি পুলিশ পরিচয়ে আটকে রেখে নির্যাতন করছে। খবর পেয়ে ডিবি পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

পরে তাঁদের কাছ থেকে ১১টি এক ডলার সমমূল্যের আমেরিকান নোট ও একটি হাতকড়া উদ্ধার করা হয়। এ ছাড়া একটি কালো প্লাস্টিকের লাগেজের ভেতর থেকে সামনে ও পেছনে ‘DB’ লেখা একটি জ্যাকেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে আড়ালে থেকে কৌশলে সাধারণ মানুষকে ডলারের প্রলোভন দেখিয়ে জিম্মি ও প্রতারণা করে আসছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।