ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে ছেলের বউকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় শ্বশুর লালু দাসকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বোর্ড অফিস বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লালু দাস ঠাকুরগাঁও শহরের বাসিন্দা। বর্তমানে তিনি ভুল্লী উপজেলায় বসবাস করছিলেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর সকাল ৮টার দিকে ভুক্তভোগী গৃহবধূর স্বামী পেশাগত কাজে বাজারে যান। এ সময় ওই গৃহবধূ বাড়ির টিউবওয়েলে হাত-মুখ ধুতে গেলে তাঁর শ্বশুর লালু দাস পেছন থেকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। আত্মরক্ষার্থে ওই নারী শ্বশুরের হাতে কামড় দিয়ে চিৎকার করলে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় ৫ অক্টোবর ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে তাঁর বাবা লালু দাসের বিরুদ্ধে ভুল্লী থানায় মামলা করেন।
ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে লালু দাসকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে তাঁকে আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।