হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে এক রাতে তিন নারীর মৃত্যু, অপমৃত্যুর মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর, পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পৃথক তিন ঘটনায় তিন নারীর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরেকজন বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করেছে পুলিশ।

হরিপুর উপজেলার গেদুড়া কিসমত (মারীধার) গ্রামে গতকাল সোমবার দিবাগত রাতে নাজেরা আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নাজেরা ওই গ্রামের শাহাজাদ হোসেনের স্ত্রী।

পরিবারের সদস্যরা পুলিশকে জানান, প্রায় চার বছর আগে নাজেরা আক্তারের বিয়ে হয়। প্রথম সন্তান জন্মের কিছুদিন পর মারা যায়। এরপর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। কয়েক দিন আগে তিনি দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম দেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গতকাল বিকেলে নবজাতককে টিকা দিতে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে নাজেরা ঘরে একা ছিলেন। পরে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান স্বজনরা। প্রতিবেশীদের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাকে বাঁশের আড়ার সঙ্গে নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ নেই বলে জানানো হয়েছে।

পীরগঞ্জ উপজেলার চাপোড় গ্রামে আজ মঙ্গলবার সকালে মেহেরুন নেছা (৬৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।

স্বজনরা পুলিশকে জানিয়েছেন, প্রায় ১০ বছর ধরে মেহেরুন নেছা ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল রাতে স্বামী কর্মস্থলে যাওয়ার পর তিনি নিজ কক্ষে ছিলেন। আজ সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে গিয়ে তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পরিবারের দাবি, দীর্ঘদিনের অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ ঘটনায়ও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

এদিকে পীরগঞ্জ উপজেলার সিঙ্গারোল এলাকার মোনালিসা (১৮) পারিবারিক মনোমালিন্যের পর গত শুক্রবার বিষপান করেন। প্রথমে তাঁকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

পুলিশকে দেওয়া পরিবারের বক্তব্য অনুযায়ী, বিষপানের কারণ হিসেবে মোনালিসা ব্যক্তিগত অভিমানের কথা জানিয়েছিলেন। এ ঘটনায়ও স্বজনেরা কারও বিরুদ্ধে অভিযোগ করেননি।

সংশ্লিষ্ট তিন থানার পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঠাকুরগাঁওয়ে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ দেলাওয়ারের, ষড়যন্ত্র দেখছেন ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: নির্বাচন কমিশনার

ঠাকুরগাঁওয়ে বিষপানে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে অপহরণের ১৯ দিন পর ছাত্রী উদ্ধার, আসামি কারাগারে

লালমনিরহাটে নিখোঁজ বৃদ্ধ ঠাকুরগাঁওয়ে বিআরটিসির বাসচাপায় নিহত

স্ত্রী ফাঁস নিয়েছেন জানিয়ে শাশুড়িকে ফোন, হাসপাতালে মিলল লাশ

গৃহবধূকে শালবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

কাজ হারাচ্ছেন স্বর্ণকারেরা, পেশা বদল করছেন অনেকে