হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে ছেলের মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে পুত্রবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে লালু দাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন তাঁর ছেলে। আজ সোমবার মামলাটি নথিভুক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে লালু দাসের ছেলে পেশাগত কাজে বাজারে যান। এ সময় তাঁর স্ত্রী বাড়ির টিউবওয়েলে হাত-মুখ ধুতে গেলে শ্বশুর লালু দাস তাঁকে নির্যাতন ও ধর্ষণ করেন। আত্মরক্ষার্থে ভুক্তভোগী গৃহবধূ লালু দাসের হাতে কামড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নেন। পরে ভুক্তভোগী চিৎকার করলে লালু দাস পালিয়ে যান।

ভুক্তভোগী গৃহবধূর স্বামী বলেন, ‘যে বাবা আমার স্ত্রীকে নিজের সন্তানের মতো আগলে রাখার কথা, সে-ই তাঁর ওপর এমন জঘন্য নির্যাতন করল। আমি এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ভুক্তভোগীর স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে আজ সোমবার মামলা নেওয়া হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে এবং আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।