হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

খালে শিশুর লাশ, বারান্দায় ঝুলছিল নারীর মরদেহ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রাণীশংকৈলে পৃথক ঘটনায় পাঁচ বছরের এক শিশু ও ৩৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে হরিপুরে খালের পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। একই দিন রাণীশংকৈলে একটি ভাড়া বাসার বারান্দা থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

হরিপুরে মারা যাওয়া শিশুটির নাম শেখ সাজিদ আহম্মেদ সান (৫)। সে উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের খাকরতলা গ্রামের মো. সাদিকুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে খাকরতলা গ্রামের একটি দোকানের সামনে খেলাধুলা করছিল সাজিদ। এর কিছুক্ষণ পর শিশুটি সবার অগোচরে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। দুপুর ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি খালের ধারে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাকে মৃত অবস্থায় পানি থেকে তুলে আনেন। পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে দুর্ঘটনা উল্লেখ করে থানায় লিখিত অবহিত করা হয়েছে এবং এতে কারও প্রতি কোনো সন্দেহ নেই বলে জানানো হয়েছে।

অন্যদিকে রাণীশংকৈলে মারা যাওয়া নারীর নাম সানজিদা ইসলাম (৩৮)। তিনি জামালপুর সদর উপজেলার বাসিন্দা। তাঁর স্বামী মো. আসাদুজ্জামান বিপ্লব চাকরির কারণে রাণীশংকৈলের ভান্ডারা এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

পরিবার সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে সানজিদার স্বামী কর্মস্থলে চলে যান। পরে তাঁদের ১৬ বছর বয়সী মেয়ে তার বাবাকে গিয়ে জানায়—তাদের বাসার বারান্দায় মা ঝুলন্ত অবস্থায় রয়েছেন। সানজিদার স্বামী দ্রুত বাসায় ফিরে এসে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

সানজিদা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হলেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। আজ সকাল সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

দুইটি ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানা-পুলিশ জানিয়েছে, উভয় ঘটনাতেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। কোনো পরিবারের পক্ষ থেকেই এখন পর্যন্ত অভিযোগ করা হয়নি।