হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ডলারের প্রলোভনে ডেকে ডিবি পরিচয়ে জিম্মি-নির্যাতন, প্রতারক চক্রের আরও দুজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ডলার দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ডিবি পুলিশ (ভুয়া) পরিচয়ে জিম্মি ও নির্যাতনের অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি: সংগৃহীত

আমেরিকান ডলার দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ডিবি পুলিশ (ভুয়া) পরিচয়ে জিম্মি ও নির্যাতনের অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ১ নম্বর গড়েয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিলনপুর হাটপুকুর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী মিলনপুর এলাকার মো. জালাল উদ্দীন (৪৫) এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী এলাকার মো. ফরিদুজ্জামান (১৯)।

আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত হোসেন।

পুলিশের দাবি, তাঁদের কাছ থেকে একটি প্লাস্টিকের লাগেজ উদ্ধার করা হয়েছে। যার ভেতরে ৫০টি আমেরিকান এক ডলার এবং ৫ ডলার মূল্যমানের দুটি আমেরিকান নোট পাওয়া যায়। এ ছাড়া একটি হাতকড়া, একটি ওয়াকিটকি ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ১১টি আমেরিকান এক ডলারের নোট, একটি হাতকড়া ও ‘DB’ লেখা জ্যাকেটসহ তিনজনকে গ্রেপ্তার করে ডিবি। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপ্রতিপুর এলাকার শাহ আলমের সঙ্গে নার্গিস মিয়ার যোগাযোগ চলছিল মুঠোফোনে। একপর্যায়ে ভিডিও কলে শাহ আলমকে আমেরিকান ডলারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মুদ্রা কম দামে দেওয়ার প্রলোভন দেখানো হয়। এরপর গত ২৭ আগস্ট শাহ আলম ডলার নিতে ঠাকুরগাঁওয়ের মিলনপুর এলাকায় গেলে ডিবি পরিচয়ে তাঁকে আটকে রাখা হয়। পরে ডিবি পুলিশের জ্যাকেট ও হাতকড়া দেখিয়ে ভয়ভীতি এবং নির্যাতন করা হয় তাঁকে। এ সময় শাহ আলমের কাছ থেকে নগদ দুই লাখ টাকা নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, ‘চক্রটি দীর্ঘদিন ধরে ডলারের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জেলার মানুষকে ঠাকুরগাঁওয়ে ডেকে নিয়ে প্রতারণা করে আসছিল। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’