হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত ২

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

উপজেলার কুশারীগাঁও গ্রামে আজ দুপুরে হঠৎ বজ্রপাত হলে হতাহতের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আজ রোববার (২ জুলাই) দুপুরে উপজেলার কুশারীগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুশারীগাঁও গ্রামের মৃত বিহারুর ছেলে সহিরাম (৬০) এবং একই গ্রামের টিয়াকুর স্ত্রী শান্তি রাণী (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, শান্তি রাণী এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন। রোববার দুপুরে দোকানে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে সহিরাম, শান্তি রাণীসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই সহিরাম ও শান্তি রাণীর মৃত্যু হয়।

আহত অপর দুজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় কুশারীগাঁও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।