জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। তিনি সদ্য রাষ্ট্রপতি পদে আসীন হওয়া সাবেক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী তাঁর পক্ষে ফরমটি নেন।
পয়গাম আলী জানান, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের জন্য মির্জা ফয়সল আমিন ছাড়া বিএনপির অন্য কোনো নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামীকাল বুধবার সংগ্রহ করা মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১৮ সেপ্টেম্বর দলীয় কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং পরে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় সংবিধান অনুযায়ী আসনটি শূন্য হয়।
মনোনয়নপত্র সংগ্রহের পর পয়গাম আলী বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার মানুষ অকুণ্ঠ সমর্থন দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে নির্বাচিত করেছিল। তিনি রাষ্ট্রপতি পদে আসীন হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। এলাকার ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে এবং রাষ্ট্রপতির অসমাপ্ত কাজগুলো শেষ করতে তাঁর যোগ্য উত্তরসূরি মির্জা ফয়সল আমিনের কোনো বিকল্প নেই।’
রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়রের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। বর্তমানে তিনি জেলা বিএনপির সভাপতির পাশাপাশি কেন্দ্রীয় কমিটিরও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
স্থানীয় বিএনপি নেতাদের বিশ্বাস, দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত হলে ঠাকুরগাঁও-১ আসনের মানুষ ধানের শীষ প্রতীকেই তাঁদের মতামত পুনর্ব্যক্ত করবেন।