ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে পুলিশ সেজে ওষুধবাহী কাভার্ড ভ্যানে ডাকাতির চেষ্টার অভিযোগে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া এলাকার হেলাল হোসেন (৪৬) ও রামের ডাঙ্গা এলাকার জাকিরুল ইসলাম (৩৪)।
এর আগে গত মঙ্গলবার রাতে ঠাকুরগাঁওয়ের ভূল্লী ডিগ্রি কলেজ গেটের সামনে থেকে তাঁদের আটক করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ও ডাকাতিতে ব্যবহার করা একটি স্টিলের লাঠি উদ্ধার করা হয়। ডাকাতিচেষ্টার ঘটনায় মো. নাজমুল ইসলাম নামে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাভার্ড ভ্যান চালক মামলা করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পঞ্চগড় থেকে দিনাজপুর যাচ্ছিলেন কাভার্ড ভ্যানচালক নাজমুল ও তাঁর সহযোগীরা। ভূল্লী ডিগ্রি কলেজ গেটের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে কাভার্ড ভ্যানটি থামায়। পরে তাঁরা কাভার্ড ভ্যান তল্লাশির কৌশলে অস্ত্রের মুখে চালক ও তার সহযোগীদের মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় চালক ও তাঁর সহযোগীরা চিৎকার শুরু করলে ডাকাত দলের সদস্যরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। এর পরপরই চালক নাজমুল কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতদের ধাওয়া করেন। একপর্যায়ে ঠাকুরগাঁও সদরের পয়সাফেলা বাজারে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় ডাকাতদের আটক করতে সক্ষম হন।
আটকের পর বিক্ষুব্ধ লোকজন দুই আসামিকে পিটুনি দেয়। খবর পেয়ে ভুল্লী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাঁদের হেফাজতে নেয়। পরে পুলিশ পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করে।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে তাঁরা মহাসড়কে ভুয়া পুলিশ সেজে ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন।