টাঙ্গাইলের গোপালপুরে ৬০ কেজি গাঁজাসহ মো. রাসেল (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪-এর টাঙ্গাইল সিপিসি-৩। আজ বৃহস্পতিবার সকালে গোপালপুর থানা-ব্রিজসংলগ্ন সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪-এর টাঙ্গাইল সিপিসি-৩-এর ক্যাম্প কমান্ডার এএসপি মো. শাজাহানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
র্যাব জানায়, তল্লাশির সময় রাসেলের হেফাজতে থাকা একটি পিকআপের পেছনের ডালা থেকে বিশেষ কায়দায় রাখা ছয়টি বস্তায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক বহনে ব্যবহৃত পিকআপ ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার রাসেলের বাড়ি যশোর জেলায়। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ আশপাশের জেলাগুলোয় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।
উদ্ধার করা আলামতসহ অভিযুক্ত রাসেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া হিসেবে তাঁকে গোপালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।