হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে সড়কে চাঁদাবাজির নির্দেশদাতা বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বহিষ্কারের নির্দেশ পাওয়া বিএনপি নেতা লাল মিয়া ও কবির সিকদার। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজির ঘটনায় বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ এ নির্দেশ দেন।

এর আগে রাত ৮টার দিকে আজকের পত্রিকার অনলাইনে “টাঙ্গাইলে সড়কে ট্রাক থামিয়ে চাঁদাবাজি, বিএনপি নেতা বললেন ‘কার্যালয়ের খরচ’” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফকে ফোন করা হয়। এ সময় তাঁকে অভিযোগের সত্যতা যাচাই করে প্রমাণিত হলে অভিযুক্ত দুই নেতাকে তাৎক্ষণিক বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।

বহিষ্কারের নির্দেশ পাওয়া নেতারা হলেন মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও গোড়াই-হাঁটুভাঙ্গা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক লাল মিয়া ওরফে কোটিপতি লাল মিয়া এবং আজগানা ইউনিয়ন বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও একই ট্রাকমালিক সমিতির সহসভাপতি কবির সিকদার।

অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন করে ঘটনার সত্যতা যাচাই করতে বলা হয়। পরে খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর রাত ১০টার দিকে সংশ্লিষ্ট দুই নেতাকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে হাঁটুভাঙ্গা সেতুর উত্তর পাশে চেয়ার বসিয়ে ট্রাক থামিয়ে প্রতিটি ট্রাক থেকে ১০০ টাকা করে আদায় করেন সোহেল ও ইউসুফ নামের দুই ব্যক্তি। আজ শুক্রবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। পরে সাংবাদিকদের কাছে তাঁরা দাবি করেন, লাল মিয়া ও কবির সিকদারের নির্দেশেই টাকা আদায় করছেন।