হোম > সারা দেশ > টাঙ্গাইল

​টাঙ্গাইলে রাজমিস্ত্রি ফয়সাল হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে রাজমিস্ত্রি ফয়সাল (১৮) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ ​বুধবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।

​দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন কালিহাতী উপজেলার টুনি মগড়া গ্রামের (কাজি বাড়ি) মো. আ. আলীমের ছেলে মো. আ. মালেক (২১) ও মো. রাশেদুল ইসলামের ছেলে মো. সজিব মিয়া (২০)।

​মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, ২০২৩ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যায় কালিহাতী উপজেলার মগড়া পূর্বপাড়া গ্রামের মো. রমজান আলীর ছেলে রাজমিস্ত্রি ফয়সাল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন ২৩ ডিসেম্বর সকালে ধলাটেংগর দক্ষিণপাড়ার কালিবাড়ী চকে ইউক্যালিপটাস-বাগানের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর বুকে, পিঠে, মুখে ও মাথায় বহু জখম ছিল।

পিপি আরও জানান, এ ঘটনায় নিহত ফয়সালের বাবা মো. রমজান আলী বাদী হয়ে কালিহাতী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলাটির তদন্তভার ডিবি টাঙ্গাইলের ওপর ন্যস্ত হলে এসআই নাফিউল ইসলাম ২০২৪ সালের ১ জানুয়ারি আসামি মো. সজিব মিয়া ও মো. আ. মালেককে গ্রেপ্তার করেন। গ্রেপ্তা‌রের পর আসামিদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী কালিবাড়ী খেয়াঘাটে পানির নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত স্টিলের চাকু ও নিহত ফয়সালের মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামিরা পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা ২০২৪ সালের ২৯ জুলাই দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, ময়নাতদন্ত প্রতিবেদন, সুরতহাল রিপোর্ট ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেন। পরে আসামিদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।