টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা দুজনই ‘জুলাই যোদ্ধা’ এবং উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা বলে জানা গেছে।
আজ বুধবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার বৃষ্টি হোটেলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে ও গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সদস্য মাহমুদুল হাসান (৩৪)।
জানা গেছে, ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে হাছান ও মাহমুদুল রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার করে আসছিলেন। তাঁরা বিভিন্ন সময় জুলাই যোদ্ধার প্রভাব খাটিয়ে প্রশাসনকে চাপে রাখতেন।
জেলা ডিবির উপপরিদর্শক রাইজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার একটি হোটেলসংলগ্ন এলাকা থেকে ওই দুই জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫০ পিস করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাইজ উদ্দিন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা ভূঞাপুর উপজেলার গাবসারা এলাকা থেকে ইয়াবা নিয়ে এলেঙ্গায় বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় ছিলেন। আজ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।