হোম > সারা দেশ > টাঙ্গাইল

জমি ভরাটে থমকে আছে বাস টার্মিনাল নির্মাণকাজ

আনোয়ার সাদাৎ ইমরান, টাঙ্গাইল 

বাস টার্মিনাল ভবন নির্মাণের জন্য টাঙ্গাইল পৌরসভার রাবনা বাইপাস সড়কের পাশে বন্দোবস্ত পাওয়া জমি। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইল শহরের কোদালিয়া এলাকায় আশির দশকে নির্মিত পৌর বাস টার্মিনাল ভবন ও যাত্রীছাউনির বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ায় ২০১৩ সালে পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। তবু একতলাবিশিষ্ট ঝুঁকিপূর্ণ এই ভবন ও ছাউনিতেই প্রতিদিন হাজারো যাত্রীকে পরিবহনসেবা নিতে হচ্ছে। অথচ আধুনিক বাস টার্মিনাল ভবন নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া প্রায় পাঁচ একর খাসজমি পড়ে আছে।

বরাদ্দের ওই জমি ভরাটের জন্য দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। কয়েক ট্রাক মাটি ফেলে ঠিকাদারেরা উধাও হয়ে গেছেন। এরই মধ্যে তাঁদের প্রকল্প বাস্তবায়নের মেয়াদও শেষ হয়ে গেছে। ফলে কবে টার্মিনাল নির্মাণকাজ শুরু হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

টাঙ্গাইল পৌরসভা সূত্রে জানা গেছে, আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত বাস টার্মিনাল নির্মাণের জন্য ২০২২ সালের ৪ জুলাই ১ লাখ ১ হাজার টাকা মূল্যে ৪ দশমিক ৯৪ একর খাসজমি ৩০ বছরের জন্য বন্দোবস্ত পায় পৌরসভা কর্তৃপক্ষ। জমিটির অবস্থান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর ও সদর উপজেলার গালা ইউনিয়নের মাগুরাটা মৌজায়। এর পাশ দিয়ে রাবনা বাইপাস সড়ক রয়েছে।

বাস টার্মিনাল নির্মাণের জন্য প্রথম পর্যায়ে জমি ভরাটের জন্য চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্সকে কার্যাদেশ দেওয়া হয়। চলতি বছরের ৩ মে তিন কোটি টাকা বরাদ্দে প্রতিষ্ঠানটি কার্যাদেশ পায়। গত ৩০ জুন তাদের কাজ সম্পন্ন করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক ট্রাক মাটি ফেলে ঠিকাদার কাজ বন্ধ করে দেন। এ ছাড়া নালা নির্মাণসহ আনুষঙ্গিক কিছু কাজের জন্য আরও একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু জমি ভরাট না হওয়ায় সেটিরও কোনো কাজ হয়নি।

টাঙ্গাইল শহরের কোদালিয়া এলাকায় পরিত্যক্ত পৌর বাস টার্মিনাল ভবন ও যাত্রীছাউনি।

এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ৩ কোটি টাকা বরাদ্দে মাটি ভরাটের কাজ পেয়েছে চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স। তারা কাজ শুরু করেছিল। কিন্তু বালুসংকটের কথা বলে তারা কাজ বন্ধ করে দেয়। বর্তমানে তাদের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পৌরসভার রাবনা এলাকায় বাইপাসের দক্ষিণ পাশে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের জন্য নির্ধারিত জায়গার একটি অংশে জলাশয় রয়েছে। সেখানে কয়েক ট্রাক মাটি ফেলা হয়েছে। বাকি কিছু অংশে বর্জ্য ফেলা হয়েছে।

এ সময় স্থানীয় বাসিন্দা সুভাষ চন্দ্র দাস, মাজম মিয়া ও আকবর আলী তালুকদারসহ কয়েকজনের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, পাঁচ বছর ধরে তাঁরা শুনে আসছেন, এখানে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করা হবে। টাঙ্গাইল পৌরসভা কর্তৃপক্ষ ঢাকঢোল পিটিয়ে বাস টার্মিনাল নির্মাণের ঘোষণা দিলেও কাজের কাজ কিছুই হয়নি। মাত্র সাত ট্রাক মাটি ফেলা হয়েছে। তাঁরা অবিলম্বে আধুনিক বাস টার্মিনালের মূল ভবনের নির্মাণকাজ শুরু করারও দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদারিপ্রতিষ্ঠানের দেওয়া মোবাইল ফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে টাঙ্গাইল পৌরসভার প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার) সঞ্জয় কুমার মহন্ত বলেন, ‘আধুনিক বাস টার্মিনাল নির্মাণের জন্য মাটি ভরাট ও নালা নির্মাণে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু তাদের গাফিলতির কারণে মেয়াদ শেষ হলেও কাজ শেষ হয়নি। ফলে কার্যাদেশ দুটি নবায়নের জন্য প্রকল্প পরিচালক বরাবর সময় বৃদ্ধির বিষয়ে আবেদন পাঠানো হয়েছে।’

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সালোয়ার-কামিজ পরে নাচের ভিডিও ভাইরাল, মির্জাপুরে বিএনপি নেতা বহিষ্কার

মির্জাপুরে বংশাই-ধলেশ্বরী নদীতে তীব্র ভাঙন, ফেলা হচ্ছে জিও ব্যাগ

নির্মাণাধীন সড়কের ভিডিও ধারণ করায় সাংবাদিককে বিএনপি নেতার হুমকির অভিযোগ

সখীপুরে ডোবায় মিলল বিধবার মরদেহ, পুলিশের ধারণা হত্যা

শিশু ভাতিজাকে হত্যার ২ বছর পর চাচার মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে শিশু অপহরণ, হত্যা ও লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে টাকা ধার না দেওয়ায় নারীকে হত্যা, মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২

নাগরপুরে তীব্র নদীভাঙনে বিলীন অর্ধশত বসতবাড়ি, স্থাপনা ও ফসলি জমি

নাগরপুরে তীব্র লোডশেডিং, দুর্ভোগ