হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ মিলল পুকুরে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রবিউল হোসেন। ছবি: সংগৃহী

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর রবিউল হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রবিউল হোসেন উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের কফিল মিয়ার ছেলে। তিনি মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার পর পাশের আড়াইপাড়া গ্রামে রাজিব চাঁনের বাড়িতে আয়োজিত বার্ষিক ওরস মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রবিউল। রাত ১১টার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। অবশেষে আজ বিকেলে ওই গ্রামের একটি পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, ওরসে গান শোনাকে কেন্দ্র করে গেড়ামারা গ্রামের কয়েকজন ছেলের সঙ্গে রবিউলের মারামারির ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। তবে ওই ঘটনার সঙ্গে তাঁর মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রবিউলের বোনজামাই জহিরুল ইসলাম বলেন, রবিউল অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। কয়েক বছর আগে তাঁর বাবা মারা যান। তিন বোন ও মায়ের একমাত্র ভরসা ছিলেন তিনি। রবিউলের এমন মৃত্যুতে তাঁর মা ও তিন বোন প্রায় দিশেহারা হয়ে পড়েছেন।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে দোষীদের আইনের আওতায় আনা হবে।