টাঙ্গাইলের মির্জাপুরে একটি দুর্গামন্দিরে নির্মাণাধীন সাতটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামুর্কী আর্য্য সমিতির আয়োজনে প্রায় ৮৫ বছর ধরে ওই মন্দিরে দুর্গাপূজা হয়ে আসছে। চলতি বছরও সেখানে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। মন্দিরে দুর্গা প্রতিমাসহ সাতটি প্রতিমা নির্মাণ করা হচ্ছিল। প্রতিমাগুলোর রং করা ছাড়া প্রায় সব কাজই শেষ হয়েছিল। বুধবার রাতে কে বা কারা মন্দিরে ঢুকে প্রতিমাগুলো ভাঙচুর করেছে।
আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার এবং সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন।
জামুর্কী আর্য্য সমিতির সভাপতি প্রকাশ বাকালী বলেন, ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
সহকারী পুলিশ সুপার মো. আদনান মুস্তাফিজ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পূজা আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেছি এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছি।’
মির্জাপুর থানার পরিদর্শক লুকমান হোসেন জানান, প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আটকে পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে উপজেলার সার্বিক মন্দির নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।