হোম > সারা দেশ > সিলেট

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: শাট ডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

সিলেট প্রতিনিধি

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে চলছে শিক্ষার্থীদের শাট ডাউন কর্মসূচি। ছবি: সংগৃহীত

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে টানা তৃতীয় দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

আজ মঙ্গলবার দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেওয়া হয়।

এদিকে, প্রায় ৩৫ ঘণ্টা প্রশাসনিক ভবনে অবরুদ্ধ থাকার পর গতকাল সোমবার রাত ১০টার দিকে মুক্তি পেলেও ক্যাম্পাস ছাড়তে পারছেন না কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। কলেজের মূল ফটকে তালা থাকায় বের হতে পারছেন না তাঁরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকেরা ক্যাম্পাস থেকে বের হতে পারবেন না।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন থেকে মুক্ত করে পুরো কার্যক্রম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের (মাউশি) অধীনে নেওয়ার দাবিতে গত রোববার থেকে ক্লাস, পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। ওই দিন প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তাঁরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষক-কর্মকর্তারা।

গতকাল সোমবার সিসিক প্রশাসক ও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার পর রাতে প্রশাসনিক ভবনের তালা খুলে অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তাদের মুক্ত করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে মুক্ত হলেও তাঁরা এখনো ক্যাম্পাসের বাইরে যেতে পারছেন না। প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে রাখায় ক্যাম্পাসে আটকা অবস্থায় আছেন তাঁরা।

দুপুরে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ইইই বিভাগের তানভীর আহমদ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাহাদ ফয়সাল।

তাঁরা বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত হওয়ার কারণে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির স্বকীয়তা, একাডেমিক পরিবেশ ও পেশাগত উন্নয়ন নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা মো. আসাদুজ্জামান মঙ্গলবার দুপুরে বলেন, শিক্ষার্থীরা ফটকসহ বিভিন্ন স্থানে তালা ঝুলিয়ে রাখায় কেউ ক্যাম্পাসের বাইরে যেতে পারছেন না। এ ছাড়া স্থানীয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকেও কোনো সমাধান হয়নি। ফলে ক্যাম্পাসের অচলাবস্থা এখনো কাটেনি।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। তিনটি বিভাগে পাঁচটি ব্যাচে কলেজটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছেন। কলেজের একাডেমিক কার্যক্রম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং প্রশাসনিক কার্যক্রম কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে।