সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা করে এবং আহতদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
আজ শনিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং তাঁদের সহায়তায় আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকা দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, দুর্ঘটনায় আহতদের প্রত্যেককে ১ লাখ টাকা এবং পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রয়োজনীয় তথ্য ও ফলোআপ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ে এই অনুদান বিতরণ করা হবে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত হন ১৬ জন। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।