সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা কলেজটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিংবা পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার আন্দোলনের ১২তম দিনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
আগামী রোববারের মধ্যে দৃশ্যমান সমাধান না পেলে পরদিন সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন। পরে শিক্ষার্থীরা এই দাবিতে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের কাছে স্মারকলিপি দেন।
টিলাগড় এলাকায় ২০০৭ সালে প্রতিষ্ঠিত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কিন্তু শিক্ষার্থীরা কলেজটির পুরো কার্যক্রম শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধীনে নিতে কিংবা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত ২৭ সেপ্টেম্বর আন্দোলন শুরু করেন। সেদিন বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে টানা ৩৫ ঘণ্টা অধ্যক্ষসহ ১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন তাঁরা। ২৭ সেপ্টেম্বর বিকেলে অধ্যক্ষকে বদলি করে নতুন অধ্যক্ষ নিয়োগ দেয় সরকার। কিন্তু নতুন অধ্যক্ষকে ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছেন না শিক্ষার্থীরা।
কলেজের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. তানভীর মাহমুদ বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো সমাধান পাইনি। যার কারণে আজ শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছি। আগামী রোববারের মধ্যে কোনো দৃশ্যমান সমাধান না পেলে সোমবার সকাল থেকে ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করব।’
এদিকে আন্দোলনের কারণে শিক্ষার্থীদের সেশনজটের শঙ্কা রয়েছে। তিনটি ডিপার্টমেন্টের প্রথম তিন বর্ষের প্রথম সেমিস্টারের লিখিত পরীক্ষা শেষ হলেও ল্যাব পরীক্ষা সেপ্টেম্বরের ২৩ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল। আন্দোলন শুরু হওয়ায় তা আর হয়নি। এদিকে নভেম্বরের মাঝামাঝি ইইই, সিএসই এবং সিভিলের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।