হোম > সারা দেশ > সিলেট

ভৈরবে সাংবাদিক রুবেলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ভৈরব প্রতিনিধি

সাংবাদিক রুবেলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরবে সংবাদ সংগ্রহের সময় দৈনিক আজকের পত্রিকার ভৈরব প্রতিনিধি ও ভৈরব প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক এম. আর. রুবেলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। কর্মসূচিতে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় সাংবাদিক নেতারা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।

আজ রোববার বিকেল তিনটায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড এলাকার দুর্জয় মোড়ে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। ভৈরবের সাংবাদিক সমাজ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এতে অর্ধশতাধিক সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভৈরব প্রতিনিধি মো. আসাদুজ্জামান ফারুক, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের ভৈরব প্রতিনিধি মো. সোহেলুর রহমান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা এবং ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন।

বক্তব্য দেন ভৈরব কাকলি খেলাঘর আসরের জ্যেষ্ঠ সহসভাপতি নজরুল ইসলাম রিপন, ভৈরব প্রেসক্লাবের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের ভৈরব প্রতিনিধি সজীব আহমেদ, কাকলি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মাহফুজ এবং সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক মো. শামীম আহমেদ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলা এডিশনের ভৈরব প্রতিনিধি ফজলুল হক বাবু, আনন্দ টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আরিফুল ইসলাম মামুন, একাত্তর টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আল আমিন টিটু এবং ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাংগঠনিক সম্পাদক জে. ই. পরশ।

উপস্থিত ছিলেন ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সহসাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, দৈনিক কালের কণ্ঠের ডিজিটাল সংস্করণের ভৈরব প্রতিনিধি মো. রাজীবুল হাসান, ডিবিসি টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আফসর হোসেন তূর্জা, ডেইলি বাংলাদেশের ভৈরব প্রতিনিধি নাজির আহমেদ আল-আমিন এবং আরটিভির ভৈরব প্রতিনিধি ছিদরাতুল রশিদ পিয়াল।

এ ছাড়া সাপ্তাহিক প্রামাণচিত্রের মফস্বল সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, তালাশ বিডির ভৈরব প্রতিনিধি মো. শাহিন আলম, দৈনিক মানবজমিনের ভৈরব প্রতিনিধি ইশতিয়াক আহমাদ শৈভিক, দৈনিক প্রভাত টাইমসের ভৈরব প্রতিনিধি মো. সঞ্জু মিয়া, দৈনিক স্বাধীন বাংলার ভৈরব প্রতিনিধি মো. জুয়েল মিয়া এবং ভৈরব পৌর শ্রমিক দলের সহসভাপতি মো. আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন। বিভিন্ন মুদ্রিত, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মী এবং সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিক এম. আর. রুবেলের ওপর হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা আরও বলেন, সমাজের অন্যায়, অপরাধ, সংঘর্ষ, দখলবাজি ও চাঁদাবাজির মতো ঘটনার সংবাদ প্রকাশ সাংবাদিকদের দায়িত্ব। এসব ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হামলা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।

বক্তাদের ভাষ্য, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নন; তাঁরা সমাজের অসংগতি ও অপরাধের চিত্র তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা না থাকলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। ঘটনার বিচার নিশ্চিত না হলে ভৈরবের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

হামলার শিকার সাংবাদিক এম. আর. রুবেল বলেন, ‘ঘটনার সময় আমি সংঘর্ষের সংবাদ সংগ্রহ করছিলাম। এ সময় একদল লোক আমার ওপর হামলা চালায়। এতে আমি আহত হই। তারা আমার মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।’

এম. আর. রুবেল আরও বলেন, ‘এ ঘটনায় আমি থানায় অভিযোগ দেব। হামলায় জড়িতদের খুঁজে বের করে সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে।’

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, সাংবাদিক এম. আর. রুবেল এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত শুক্রবার শহরের কমলপুর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিক এম. আর. রুবেলের ওপর নয়াবাড়ি ও উলাকিয়াবাড়ির দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফেসবুকে প্রতিবাদ জানান।