সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার দুপুরে মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-২০৬) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করার পর প্রবাসী কল্যাণ ডেস্কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করেন।
এ সময় দাফন সম্পন্ন করতে সরকারিভাবে নিহতদের প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া পরবর্তীতে নিহতদের পরিবার আরও ৩ লাখ টাকা করে অনুদান পাবেন।
নিহত আব্দুল করিম ও খালিদ আহমদ কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন তাঁরা। গত ৭ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে ‘আল-খুরমা’ এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ চার বাংলাদেশি নিহত হন। নিহতদের মধ্যে দুজন হলেন তাঁরা।
লামার তালুক গ্রামে আব্দুল করিম ও খালিদ উদ্দিনের লাশবাহী অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছায় বেলা ২টার দিকে। মরদেহগুলো বাড়িতে পৌঁছালে সেখানে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে। প্রিয়জনকে শেষ বারের মতো দেখে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজনসহ পাড়া প্রতিবেশীরা। আধা ঘণ্টার মতো বাড়িতে রেখে তারপর নিয়ে আসা হয় স্থানীয় আকুনি মাদ্রাসায়। সেখানে এলাকার লোকজন শেষবারের মতো দেখেন প্রবাসী এই দুই রেমিট্যান্স যোদ্ধাকে। এরপর বাদ আছর একই সঙ্গে তাঁদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরবর্তী লামার তালুক গ্রামের কবরস্থানে পাশাপাশি শায়িত করা হয় আব্দুল করিম ও খালিদ উদ্দিনকে।
৭ নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন বলেন, নিহত দুজনই একই গ্রামের বাসিন্দা। পরিবারের স্বচ্ছলতার জন্য দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন তাঁরা। দেশে ফেরার জন্য তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়। যা অত্যন্ত বেদনাদায়ক। আজ তাঁদের লাশ দেশে ফিরেছে। সরকার সর্বাত্মক সহযোগিতা করেছেন। আজকে বিকেলে তাঁদের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমানো দুই প্রবাসীর এমন মৃত্যুতে পরিবার দুটি অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। মরদেহ দেশে আনা এবং দাফনের জন্য সরকারি সহায়তা পাওয়ায় তাঁরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।