হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুজন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩০। যার মধ্যে ১২৪ জন সন্দেহজনক এবং ৬ জন নিশ্চিত হামে আক্রান্ত ছিলেন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জনের শরীরে হামের সংক্রমণ পাওয়া গেছে।

গতকাল বুধবার সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মারা যাওয়া দু্‌ই শিশু হলো সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাকারিয়ার পাঁচ মাস বয়সী মেয়ে রাইসা এবং সুনামগঞ্জের বিশ্বম্ভপুরের কামাল মিয়ার ছয় মাস বয়সী শিশু আয়াত। তারা দুজনেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে নতুন ৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক আক্রান্ত মোট ২৮৬ জন চিকিৎসাধীন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৮ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন।