হোম > সারা দেশ > সিলেট

সিলেটে আলোচনা সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা, স্থান উল্লেখ করেননি

সিলেট প্রতিনিধি

সিলেটে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা। ছবি: সংগৃহীত

সিলেটে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার রাতে সিলেট নগরীতে এই আলোচনা সভা হয় বলে জানা গেছে। তবে আলোচনা সভার স্থান বলতে অনীহা প্রকাশ করেছেন তাঁরা। আলোচনা সভার কয়েকটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সভায় জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য বোরহান উদ্দিন আহমদ; মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য তপন মিত্র, এমাদ উদ্দিন মানিক, সদস্য আব্দুল বারী, নাজরা চৌধুরী ও শহিদুর রহমান শহিদ; জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন; মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুস সোবহান; ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী; কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামীম আহমদ এবং বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন বলে একাধিক নেতা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রাতে সিলেট নগরীর কোনো একটি এলাকায় জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। পরে এটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে এটা নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

ভাইরাল হওয়া ছবির ব্যানারে লেখা দেখা যায়, ‘জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।’ তারিখ দেওয়া—৩ নভেম্বর, ২০২৬। আয়োজনে সিলেট জেলা আওয়ামী লীগ।

এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম তো এখন নিষিদ্ধ। এখন কেউ যদি ঘরের ভেতরে লুকাইয়া, দরজা লাগাইয়া কোনো কর্মসূচি করে, এই ব্যাপারে কী বলব, এটার অর্থ হইলো যে, আওয়ামী লীগের পচন হয়েছে। পচনটা এমন পর্যায়ে হইছে যে, তারা স্থান না দিয়া এটা করতেছে। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না। আশা করি, আইনশৃঙ্খলা বাহিনী এটার খোঁজ নিয়ে ব্যবস্থা নেবে।’

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন বলেন, ‘এটা আমরা ফেসবুকে দেখেছি। কিন্তু কোথায় করেছে, সেটা আমার জানা নেই। কোন সময়ের এটা, তা-ও জানা নেই। প্লেসটা আমি আসলে আইডেন্টিফাই করতে পারি নাই এখন পর্যন্ত। এটা আসলে রিসেন্ট কোনো ঘটনা কিনা, আমরা খোঁজখবর লাগাচ্ছি আমাদের লোকজন দিয়ে—এটা আসলে কোন জায়গার বা কখন হয়েছে।’

ছবির বিষয়ে জানতে সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরীকে ফোন দিলে তিনি জানান, জেলহত্যা দিবস উপলক্ষে গতকাল রাতে সিলেট নগরীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনীন হোসেন চৌধুরী ও সঞ্চালনা করেন সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী। এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিভিন্ন ইউনিটের অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিল কোথায় অনুষ্ঠিত হয়েছে, জানতে চাইলে কোনো মন্তব্য করেননি সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।

সিলেটে ভাতিজার হাতে চাচা খুন

সিলেটে সড়কে শুধু অক্টোবরে ২৭ প্রাণহানি

সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা

সন্তান জন্মের তৃতীয় দিনে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ হারান মা, আইসিইউতে নবজাতক

শাবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি

সিলেটে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

এইচএসসিতে সিলেটে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২০৪ শিক্ষার্থী

রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫