হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সব উপজেলায় হচ্ছে ১৫১ শয্যার নতুন হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রান্তিক জনগোষ্ঠী নিজ নিজ উপজেলা থেকেই স্বাস্থ্যসেবা পাবেন। প্রাথমিক স্বাস্থ্যসেবাও আরও জোরদার করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে উত্তরাধিকার সূত্রে স্বাস্থ্য খাতের যে বেহাল অবস্থা পাওয়া গেছে, সারা দেশেই তার চিত্র দেখা যাচ্ছে। কোথাও জনবলের সংকট, কোথাও যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে। আবার অনেক হাসপাতালে যন্ত্রপাতি থাকলেও সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় লোকবল নেই। অনেক জায়গায় মেডিকেল কলেজ নির্মাণ করা হলেও তৈরি করা হয়নি নিজস্ব ক্যাম্পাস।

এম এ মুহিত আরও বলেন, উন্নয়নের নামে স্বাস্থ্য খাতে যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে, তা থেকে উত্তরণে প্রয়োজন পরিকল্পিত কার্যক্রম। সেই পরিকল্পনার আওতায়ই তৈরি হবে নতুন হাসপাতাল। আর সেখানে কর্মসংস্থান হবে লক্ষাধিক স্বাস্থ্যকর্মীর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন নুরুল আমীন এবং সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শহীদুল্লাহ দেওয়ান।