শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের নয়টি উপজেলায় ৫৬২টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন ৭৪৮ জন পুলিশ সদস্য। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে কাজ করছেন তাঁরা। এ ছাড়া মহাসড়কের নিরাপত্তায় প্রয়োজন অনুযায়ী পুলিশের টহল দল দায়িত্ব পালন করছে।
গতকাল রোববার জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থাও পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তার খোঁজখবর নিচ্ছেন। এ সময় তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
এদিকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীদের অনেকে। তাঁরা বলছেন, পূজা উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ সুপারও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তার খোঁজ নিচ্ছেন। এতে নির্বিঘ্নে পূজা উদ্যাপন নিয়ে তাঁদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।
পূজা উদ্যাপন ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা পূজা পরিচালনা কমিটির সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, ‘আমাদের পূজা যাতে সুন্দরভাবে শেষ হয়, সে জন্য পুলিশ সুপার ও জেলা প্রশাসক (ডিসি) আমাদের সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া মন্ত্রী মহোদয়ও পূজার সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়েছেন। আশা করি, আমাদের পূজা ভালোভাবেই শেষ হবে।’
জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ‘জেলার নয়টি উপজেলার ৫৬২টি পূজামণ্ডপে ৭৪৮ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এর বাইরে সাদাপোশাকেও পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মহাসড়কে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য প্রয়োজন অনুযায়ী পুলিশের দল কাজ করছে। পূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।’