সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন সম্পর্কে আপন ভাই। তাঁরা ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত সুমন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।
গ্রেপ্তাররা হলেন সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি বিন্দুপাড়া মহল্লার মৃত দুখু শেখের ছেলে তারা শেখ (৪২) ও তাঁর ছোট ভাই মো. ইয়ামিন শেখ (২৩)। তারা শেখ সিরাজগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইয়ামিন শেখ পৌর ছাত্রলীগের সাবেক সমাজসেবাবিষয়ক সম্পাদক।
পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জে নিহত সুমন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।