হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ, তিন ট্রেন বিলম্বিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার সকাল আটটার দিকে স্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে তিনটি ট্রেন আটকে পড়ে এবং ট্রেন চলাচলে প্রায় ১৫ থেকে ২০ মিনিট বিঘ্ন ঘটে।

স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে সূত্রে জানা গেছে, লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে বর্তমানে শুধু লোকাল ট্রেন থামে। আন্তনগর ট্রেনে যাতায়াতের জন্য স্থানীয় বাসিন্দাদের অন্য স্টেশনে যেতে হয়।

ভোগান্তি কমাতে স্টেশনটিতে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সকাল আটটা থেকে রেললাইন অবরোধ করে মানববন্ধন করেন স্থানীয়রা।

কর্মসূচির সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস এবং পাবনাগামী পাবনা প্রভাতী এক্সপ্রেস আটকে পড়ে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম তালুকদার বলেন, ‘সকাল আটটার দিকে আন্দোলনকারীরা তিনটি ট্রেন আটকে দেন। এতে ট্রেন চলাচলে প্রায় ১৫ থেকে ২০ মিনিট বিঘ্ন ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’