গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে রংপুর লংমার্চ করবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ টি এম আজহারুল ইসলাম এ ঘোষণা দেন।
আজহারুল বলেন, ‘বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে।’
আজহারুল আরও বলেন, ‘আমরা বারবার জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি। কিন্তু বিএনপি নানা অজুহাতে তা করছে না। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি। বারবার প্রতিবাদ করার পরও তারা এতে কর্ণপাত করছে না। এ কারণেই আমরা রাস্তায় নেমেছি। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা ঢাকা-রংপুর লংমার্চ ঘোষণা করছি।’
এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘আমরা আশা করছি, সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়ন করবে।’
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানসহ সিরাজগঞ্জ, নাটোর ও বগুড়ার জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।