হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

নিম্নমানের সার বিতরণ: সরানো হলো কামারখন্দের কৃষি কর্মকর্তাকে

সিরাজগঞ্জ প্রতিনিধি  

নিম্নমানের সার রাখা হয়েছে কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের কামারখন্দে গাছের চারার সঙ্গে নিম্নমানের জৈব সার বিতরণের অভিযোগে কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনকে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় বদলি করা হয়েছে।

রোববার (২৮ জুন) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ বদলির আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ১ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ২ জুলাই থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এর আগে, গত ২৪ মে ‘প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিতে নিম্নমানের সার, শুধু চারা নিয়ে ফিরলেন কৃষকেরা’ শিরোনামে আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে জৈব সারের পরিবর্তে পলিথিন মেশানো মাটি ও ময়লা-আবর্জনা বিতরণের অভিযোগ তুলে ধরা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন। ছবি: সংগৃহীত

এদিকে নিম্নমানের বর্জ্য বিতরণের অভিযোগ তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।