হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ২

সিরাজগঞ্জ প্রতিনিধি  

ফাইল ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রডবোঝাই ট্রাক ও দুধবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক ও এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ সময়মতো ঘটনাস্থলে না আসার অভিযোগ তুলে একজনের মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন ও চালকের সহকর্মীরা। এতে ঢাকা-পাবনা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় চার ঘণ্টা পর সকাল ৮টা ২০ মিনিটের দিকে পুলিশের অনুরোধে অবরোধ প্রত্যাহার করা হয়।

আজ মঙ্গলবার ভোররাতে ঢাকা-পাবনা মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপচালক রেজওয়ান হোসেন (৩৫) নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাতান গ্রামের বাসিন্দা। নিহত দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩০) বগুড়া সদর উপজেলার হেলেনসাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুধবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত পিকআপচালক রেজওয়ান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত পিকআপচালকের সহকর্মী ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা-পাবনা মহাসড়কের প্রায় দুই থেকে তিন কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর একাধিকবার থানায় খবর দেওয়া হলেও হাইওয়ে পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছায়নি। তাঁদের দাবি, দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া গেলে গুরুতর আহত চালক রেজওয়ান হোসেনকে হয়তো বাঁচানো যেত।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার বলেন, ‘পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত পিকআপচালক রেজওয়ান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।’ তিনি আরও বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে।