হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল চোখের আলো কেড়ে নেওয়া: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলাকে ছানিমুক্ত করার উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ছবি: আজকের পত্রিকা

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেওয়ার, আর তারেক রহমানের রাজনীতি মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার। তিনি এমন একটি আলোকিত ও ঐক্যবদ্ধ সমাজ গড়তে চান, যেখানে জনগণকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন করা হবে।

আজ শনিবার সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে জেলাকে ছানিমুক্ত করার উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে মানুষের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। গণ-অভ্যুত্থানে ২০ হাজারের বেশি মানুষ গুরুতর আহত এবং দেড় হাজার মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় দুই হাজার মানুষের চোখ ক্ষতিগ্রস্ত হয়। তাঁদের মধ্যে এক হাজার তরুণ-তরুণী দৃষ্টিশক্তি হারিয়েছেন।

এম এ মুহিত আরও বলেন, তারেক রহমানের স্লোগান—করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই লক্ষ্যে তিনি জনগণকে সঙ্গে নিয়ে একটি আলোকিত ও ঐক্যবদ্ধ দেশ গড়তে চান।

স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপজেলা পর্যায়ে ৩০ শয্যার হাসপাতাল চালু করেছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেগুলো ৫০ শয্যায় উন্নীত করেন। তারেক রহমান দেশের বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সমস্যা উপলব্ধি করেছেন। তিনি বুঝতে পেরেছেন, সাধারণ মানুষের বড় দুটি সমস্যা হলো স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থা।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ১৫০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।