সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে প্রাইভেট শিক্ষক মো. রাজিব হোসেনকে (৩৮) ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এসআরবি-১২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে ফরিদপুরের কোতোয়ালি থানার বাখুণ্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে একই থানার টেপাখোলা বাজার এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাজিব হোসেন উল্লাপাড়া উপজেলার কাঁঠালতলা গ্রামের আল মামুনের ছেলে। তিনি স্থানীয় অধ্যয়ন একাডেমি নামের একটি কোচিং সেন্টারের পরিচালক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। পরীক্ষা শেষে সে আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, তার প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে নিয়ে গেছেন। এ ঘটনায় ৫ নভেম্বর ছাত্রীর মা বাদী হয়ে রাজিব ও তাঁর মা রোজি খাতুনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।
এজাহারে আরও অভিযোগ করা হয়, এর আগেও রাজিব একইভাবে তাঁর দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন। তবে কয়েক মাসের ব্যবধানে তাঁদের দুজনকেই তালাক দেন তিনি। বর্তমানে রাজিবের একজন স্ত্রী রয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এসআরবি-১২ জানিয়েছে, গ্রেপ্তার রাজিবকে উল্লাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।