সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে আগামী ডিসেম্বরের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এতে প্লট বরাদ্দ পাওয়া শিল্প উদ্যোক্তারা কারখানা স্থাপনের কাজ শুরু করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ বি এম আব্দুস সাত্তার বলেন, ২০১২ সালে বিসিক শিল্প পার্কের কাজ শুরু হলেও নানা কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিক শিল্প পার্ক মাঠে এক সভায় এ প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে থমকে থাকা প্রকল্পের আনুষঙ্গিক কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী এক থেকে দুই বছরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে।
আব্দুস সাত্তার আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ স্থাপনসহ অন্যান্য কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে প্লট বরাদ্দ পাওয়া শিল্প উদ্যোক্তারা শিল্পকারখানা স্থাপনের কার্যক্রম শুরু করতে পারবেন।
সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনেরা শিল্প পার্কের সার্বিক কার্যক্রম, সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভা শেষে বিসিক শিল্প পার্কের সিরাজগঞ্জ কার্যালয় এলাকায় বৃক্ষ রোপণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
এ সময় বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন, সিরাজগঞ্জ বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু ও প্লটমালিক আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজি আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।