হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জে হাজেরা খাতুন হত্যা মামলায় স্বামী মো. বাবু মণ্ডলকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামছুজ্জোহা শাহানশাহ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার হাজেরা খাতুনের সঙ্গে একই এলাকার বাবু মণ্ডলের বিয়ে হয়। তাঁদের সংসারে সাকিব নামে দুই বছর বয়সী একটি ছেলেসন্তান ছিল।

এজাহারে বলা হয়, বিয়ের পর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হাজেরা খাতুনকে প্রায়ই মারধর ও নির্যাতন করতেন তাঁর স্বামী। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাজেরা খাতুনকে মারধরের পর গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় হাজেরা খাতুনের বাবা মো. নুরুল হুদা বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ সোমবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।