শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ছাত্রদলের দুই নেতাসহ তিনজনকে মারধর করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সোহাগপুর গ্রামের কামাল হোসেনর ছেলে দেলোয়ার হোসেন (২২), কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও কাকরকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে ছাদেক আলী (২৩) এবং একই এলাকার সবুর মিয়ার ছেলে ফারুক মিয়া (২২)।
পুলিশ জানায়, রাতে মাদক পাচারের সন্দেহে দেলোয়ার, ছাদেক ও ফারুককে আটক করে স্থানীয় লোকজন। এ সময় তাঁদের কাছ থেকে ১৪টি ইয়াবা পাওয়া যায়। পরে তাঁদের একটি ঘরে নিয়ে লাঠি দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার ও ইয়াবা জব্দ করে থানায় নিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ইয়াবাসহ আটক তিনজনের বিরুদ্ধে মামলা করে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।