হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে ডাম্প ট্রাক-ইজিবাইক সংঘর্ষে এনজিও কর্মী নিহত

শেরপুর প্রতিনিধি

আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

শেরপুর সদরে ডাম্প ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইমরুল কায়েস (২৮) নামের এক এনজিওকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকচালক গুরুতর আহত হয়েছেন। আজ রোববার ভোরে উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরুল কায়েস টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসুদেববাড়ি গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা এসএসের নালিতাবাড়ী উপজেলার তিনানী শাখায় কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আহত ইজিবাইকচালক মামুন মিয়া (৪০) শেরপুর সদরের চরজঙ্গলদী গ্রামের বাসিন্দা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে কাঁচামালবোঝাই একটি ইজিবাইক শেরপুর সদরের সাতপাকিয়া কাঁচাবাজার থেকে মালামাল নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিল। পথে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নন্দীরবাজার তিন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি ডাম্প ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক মামুন মিয়া ও যাত্রী ইমরুল কায়েস গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরুল কায়েসের মৃত্যু হয়। অন্যদিকে মামুন মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাম্প ট্রাকটি আটক করে।

ইমরুল কায়েসের সহকর্মীরা জানান, এক সপ্তাহ আগে তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা এসএসে যোগ দিয়েছিলেন। রোববার সকালে মধুপুরের নিজ বাড়ি থেকে কর্মস্থল তিনানীতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডাম্প ট্রাকটি আটক করা হয়েছে।