হোম > সারা দেশ > শেরপুর

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ২ কিশোর আটক

শেরপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার ভোরে উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশে সহায়তাকারী শেরপুরের ৩ জনকে পলাতক আসামি করে শ্রীবরদী থানায় মামলা করেছে বিজিবি।

আটক দুজন হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে অপু চন্দ্র দাস (১৭) এবং একই উপজেলার মৌলভী গ্রামের শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই কিশোর জানিয়েছেন, ভারতে বসবাসরত আত্মীয়ের কাছে শ্রমিক হিসেবে কাজের উদ্দেশ্যে তারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল। এ কাজে অর্থের বিনিময়ে তাদের সহায়তা করছিলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার তিন ব্যক্তি।

তারা হলেন—বাবেলাকোনা গ্রামের নেহালের ছেলে মো. মামুন (২২), একই গ্রামের জয়নালের ছেলে মো. কালু মিয়া (৩৫) এবং চান্দাপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (২৫)।

পরে আটক দুই কিশোরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। পাশাপাশি ভারতে অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ওই তিনজনকে পলাতক আসামি করে শ্রীবরদী থানায় মামলা করে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালন করছে বিজিবি।