শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাংসের তিন দোকানিকে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার নালিতাবাড়ী ও দক্ষিণ বাজারে এই অভিযান চালায় জেলা প্রশাসন।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে এই অভিযান চালানো হয়। এ সময় মাংসের দোকানগুলোর স্বাস্থ্যসম্মত পরিবেশ, মাংসের গুণগত মান এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান অনুসরণের বিষয়গুলো তদারকি করা হয়। এ সময় তিন দোকানমালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে দোকানমালিকদের পশু জবাইয়ের আগে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের মাধ্যমে পশুর স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে পশু জবাই ও মাংস বিক্রির বিষয়ে তাঁদের সতর্ক করা হয়।
শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন সচেষ্ট রয়েছে।