হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে পুরোদমে কাজ চলছে: হুইপ অপু

শরীয়তপুর প্রতিনিধি

গোসাইরহাট উপজেলা চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হুইপ নুরুদ্দিন আহম্মেদ অপু। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে পুরোদমে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। তাঁর ভাষ্য, ইতিমধ্যে উপাচার্য, রেজিস্ট্রার ও প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ক্যাম্পাসের জায়গা নির্ধারণের পর শিগগিরই নির্মাণকাজ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে গোসাইরহাট উপজেলা চত্বরের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হুইপ অপু।

মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেন, ‘বর্তমান সরকারের সাত মাসের মাথায় শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ভিসি, রেজিস্ট্রার ও পিডি নিয়োগ দেওয়া হয়েছে। আমরা পুরোদমে কাজ শুরু করেছি।’

হুইপ অপু বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ক্যাম্পাসের জায়গা নির্ধারণসহ সার্বিক বিষয় নিয়ে কাজ করছে। খুব শিগগিরই জায়গা নির্ধারণ করে ক্যাম্পাস নির্মাণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে গোসাইরহাট পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।

অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা উর্মী, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।