শরীয়তপুর সদর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের সিঙ্গাইরা এলাকায় এই ঘটনা ঘটে। পরে বেলা ১টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল ওই যুবকের আঙুলের ছাপ নিয়েও পরিচয় নিশ্চিত হতে পারেনি। আজ শনিবার শরীয়তপুর সদর হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে।
পালং মডেল থানা সূত্রে জানা যায়, আংগারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমান আলী মোল্যা ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শুক্রবার ভোরে এক ব্যক্তি তাঁর ভ্যান চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে ইমানের বাড়ির লোকজন চিৎকার দিয়ে লোকজন জড়ো করেন এবং স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে চোর সন্দেহে আটক করে।
এরপর উত্তেজিত জনতা তাঁকে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গুরুতর অবস্থায় তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে বেলা ১টা দিকে তিনি মারা যান।
আংগারিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফ মোল্যা বলেন, ভ্যানগাড়ি চোর সন্দেহে স্থানীয় লোকজন তাঁকে আটক করে। পরে উত্তেজিত লোকজন তাঁকে শিকল দিয়ে বেঁধে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে সংকটাপন্ন অবস্থায় একজনকে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসা শুরুর এক ঘণ্টার মধ্যে তিনি মারা যান।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, তাঁর জাতীয় পরিচয়পত্র নেই। পরিচয় পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।