শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চাল উড়ে যাওয়ার পাশাপাশি আরও দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রোকেয়া বেগম ফারুক ছৈয়ালের স্ত্রী। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে রোকেয়া বেগম রান্নাঘরে গেলে সেখানে মজুত করে রাখা ককটেলগুলো একসঙ্গে বিস্ফোরিত হয়। এতে রোকেয়া বেগম গুরুতর আহত হন। এ ছাড়া বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের টিনের চালা উড়ে যাওয়ার পাশাপাশি সামাদ ছৈয়াল ও হাকিম ছৈয়ালের দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। আহত রোকেয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, জাজিরা উপজেলার মুলনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল শিকদার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য তমিজ খাঁর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। সেই সূত্র ধরে গত ১০ আগস্ট একই এলাকায় দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে বিস্ফোরিত হয় অন্তত শতাধিক ককটেল। বিস্ফোরণে একজনের কবজি উড়ে যাওয়ার পাশাপাশি আহত হন কমপক্ষে ১০ জন। এ ছাড়া গুরুতর আহত হয়ে বৃদ্ধ মান্নান সরদারের মৃত্যু হয়।
আজ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ফারুক ছৈয়াল রেজাউল শিকদারের সমর্থক ছিলেন বলে জানা গেছে। বিস্ফোরণের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর আহমেদ বলেন, ‘দুপুরে রোকেয়া বেগম নামের এক নারীকে আহত অবস্থায় আনা হয়। তাঁর শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহম্মেদ বলেন, ‘রান্নাঘরে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে বিপুল পরিমাণ ককটেল মজুত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্ফোরণে রান্নাঘরের চালা উড়ে গিয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা সেখানে ককটেলগুলো মজুত করে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’