সংস্কারের সাত দিনের মাথায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার লাকাচুয়া-সামন্তসার বাজার সড়কের প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে। ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা সড়কটির আরও পাঁচটি স্থানে ছোট ধস এবং চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত সড়কের ধসে পড়া অংশে পিচসহ নিচের মাটি সরে বড় গর্ত তৈরি হয়েছে। সড়কটি দিয়ে চলাচলকারী মানুষের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক সংস্কারের সময় পাশের খাল থেকে মাটি কেটে এনে সড়কের বিভিন্ন অংশে ব্যবহার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে মাটি ধরে রাখতে প্রয়োজনীয় পাইলিং বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও তাঁদের দাবি।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত প্রায় ৪ হাজার ১২০ মিটার সড়ক সংস্কারে বরাদ্দ দেওয়া হয় ৬ কোটি ৭৮ লাখ টাকা।
দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির হয়ে কাজ বাস্তবায়ন করেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া জমাদ্দার।
সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। তবে সাত দিনের মাথায় ধস ও ফাটল দেখা দেওয়ায় যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘রাস্তা করার সময়ই এই জায়গায় ভাঙছিল। তখন খালের পাশ থেকে ভেকু দিয়ে মাটি এনে এখানে ফেলেছে। আমরা বলেছিলাম, ‘‘এই মাটি দিলে আবারও ভাঙবে।’’ কিন্তু তারা আমাদের কথা শোনেনি। কোনোরকম বালু আর খোয়া দিয়ে কাজ করে পিচ ঢেলে চলে গেছে। প্রথমবার ভাঙার পর ঠিকমতো কাজ করলে আজকে এমন হতো না।’
আরেক বাসিন্দা মো. নিজাম ঢালী বলেন, ‘এক সপ্তাহও হয়নি, রাস্তা ভেঙে পড়েছে। রাস্তার পাশে পাইলিং দরকার ছিল, কিন্তু তা করা হয়নি। উল্টো রাস্তার পাশ থেকেই মাটি কেটে রাস্তায় দেওয়া হয়েছে। পাশে মাটি না থাকলে রাস্তা টিকবে কীভাবে? আমরা চাই, রাস্তাটি সঠিকভাবে মেরামত করা হোক।’
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘সড়কটি এখনো আমাদের বুঝিয়ে দেওয়া হয়নি। এ বিষয়ে আপনারা ঠিকাদার জিয়া জমাদ্দারের সঙ্গে কথা বলেন।’
নির্মাণকাজে ত্রুটির অভিযোগ নিয়ে ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার বলেন, ‘টানা বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে ধসে পড়েছে। সড়কের কাজ এখনো শেষ হয়নি। ধসে পড়া অংশে পুনরায় মেরামতের কাজ চলছে।’
স্থানীয়দের দাবি, শুধু ধসে পড়া অংশ মেরামত করলেই হবে না; পুরো সড়কের নির্মাণকাজের গুণগত মান ও ধসের প্রকৃত কারণ পরীক্ষা করতে হবে। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে টেকসইভাবে সড়কটি মেরামতের দাবিও জানিয়েছেন তাঁরা।