নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে শরীয়তপুরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রসুন ও পেঁয়াজচাষিরা বিপাকে পড়েছেন। মাঠে জমে থাকা পানিতে সদ্য রোপণ করা বীজ ও চারা পচে যাচ্ছে। জেলা কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে, বৃষ্টিতে জেলার ১৪২ হেক্টর জমির বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা বিনামূল্যে বীজ, সার ও প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন।
জাজিরা ও নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা তিন দিনের বৃষ্টির পর রোববার সূর্যের দেখা মিলেছে। বৃষ্টি থামার পর জমিতে নেমেছেন কৃষকেরা। কেউ জমে থাকা পানি নিষ্কাশন করছেন, কেউ পচে যাওয়া গাছ বাঁচানোর চেষ্টা করছেন।
নিচু জমির পানি সরাতে কোথাও কোথাও সেচপাম্প বসানো হয়েছে। তবে নানা চেষ্টা সত্ত্বেও অনেক জমিতে রসুন ও পেঁয়াজের বীজ এবং চারা পচে নষ্ট হয়ে গেছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মৌসুমে রসুন ও পেঁয়াজের বাজারদর কম থাকায় অনেক চাষি উৎপাদন খরচ তুলতে পারেননি। আগের লোকসান কাটিয়ে ওঠার আশায় এবার তাঁরা আগাম আবাদ করেছিলেন। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় সেই আবাদ অনিশ্চয়তায় পড়েছে।
নড়িয়া উপজেলার ডগ্রী এলাকার কৃষক সালাম হাওলাদার দুই একর জমিতে রসুনের আবাদ করেছেন। বৃষ্টির পানিতে তাঁর অধিকাংশ ফসল নষ্ট হয়েছে।
সালাম হাওলাদার বলেন, ‘রসুন আবাদ করতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। এর মধ্যে প্রায় তিন লাখ টাকার ফসল নষ্ট হয়ে গেছে। বাকি দুই লাখ টাকার রসুন আছে। সেগুলো টিকবে কি না, তা নিয়েও শঙ্কায় আছি।’
জাজিরার কাজীর হাট এলাকার কৃষক শরীফ উদ্দিন বলেন, ‘গত বছর রসুন চাষ করে তেমন লাভ হয়নি। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার আগাম রসুন আবাদ করেছিলাম। কিন্তু বৃষ্টির পানিতে আমার সব রসুন তলিয়ে গেছে। মনে হচ্ছে, সবই নষ্ট হয়ে যাবে। নতুন করে চাষ করার মতো টাকাও আর হাতে নেই।’
ক্ষতিগ্রস্ত কৃষকদের বক্তব্য, প্রাকৃতিক দুর্যোগে চলতি আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নতুন করে চাষ শুরু করতে বাড়তি অর্থের প্রয়োজন হবে। বিনামূল্যে রসুন-পেঁয়াজের বীজ ও সার সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় পেঁয়াজ, রসুন, ধনিয়া, মরিচ, কালোজিরা, সরিষা ও শাকসবজিসহ বিভিন্ন ফসল ৩৯ হাজার ৭২০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। টানা বৃষ্টিতে প্রাথমিকভাবে ১৪২ হেক্টর জমির ফসল আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল আলম বলেন, ‘প্রাথমিকভাবে জেলার ১৪২ হেক্টর জমির ফসল আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। ক্ষয়ক্ষতির হিসাব চূড়ান্ত হওয়ার পর মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’